চাঁদাবাজ ও সন্ত্রাসবাদ রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: চরমোনাই পীর

নিউজ ডেস্ক:

দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসবাদ রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার করেছি। এদেশের মানুষ মুক্তির আশায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জীবন দিয়েছে। কিন্তু জনগণের মুক্তি মেলেনি। যে নীতির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে তাতে স্বাধীনতার হীরকজয়ন্তী, শতবর্ষ উদযাপন করতে থাকবো, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসবাদ, দুর্নীতি, লুটতরাজ, গুম-খুনসহ সামাজিক অনাচার দিন দিন বাড়ছে। এসব সামাজিক অনাচার দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন দলকে জনগণ ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করেছে। কিন্তু কেউই বিদ্যমান নীতির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন করতে পারেনি। সবাই নির্বাচনি ইশতেহার ভুলে গিয়ে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির প্রশ্নে কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না। তাই মানুষ স্বপ্ন দেখছে ইসলামী আন্দোলনের হাত ধরেই দেশে নীতির পরিবর্তন হবে।

দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমাদের শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা আশা করেছিলাম, ৫ আগস্টের পর রাজনীতিতে চাঁদাবাজি ও ধোঁকাবাজির ধারা থাকবে না। কিন্তু কাঙ্ক্ষিত বিষয়টি বাস্তবে দেখা যাচ্ছে না।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা করছে বিএনপি সরকার। তাদের মনে রাখা উচিত, এভাবে চললে জনবিস্ফোরণ হতে সময় লাগবে না।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপন এজেন্ডা নেই। আমরা অতীতেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও জাতির কাছে বলেই যাবো—আমরা ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করতে চাই।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে ছড়িয়ে পড়তে হবে। শরিয়াহর পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডগুলো থেকেই শরিয়াহর বিজয় শুরু হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, আমরা ভিশন ও মিশন ঠিক করেই সামনে এগোচ্ছি। জনগণ আমাদের নির্বাচিত করলে ঢাকা মহানগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো।

ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন- আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নগর দক্ষিণের সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ এম এইচ মোস্তফা, আলহাজ আবদুর রাজ্জাক, নগর উত্তর সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ জিল্লুর রহমান, নগর উত্তর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম, মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ