ভৈরব-কুলিয়ারচরে উন্নয়ন কাজের উদ্বোধন, সহায়তা সামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ভৈরব ও কুলিয়ারচরে দিনব্যাপী সরকারি সফর করেছেন। এ সময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি কৃতি শিক্ষার্থী, কৃষক, দুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী।

সকাল ১০টার দিকে ভৈরব বাজার ফাঁড়ি থানা চত্বরে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পুরো বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় দুর্বৃত্তদের হামলায় নিহত ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকতের পরিবারের সদস্যরা প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে হত্যার বিচার দাবি করেন। জবাবে প্রতিমন্ত্রী বলেন, আল আমিন সৈকত হত্যার প্রকৃত খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

পরে ভৈরব উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, দুস্থদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও চারাগাছ এবং কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অসহায়দের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।

কুলিয়ারচরে সিসিটিভি ও ভবনের ভিত্তিপ্রস্তর

বিকেল ৪টার দিকে কুলিয়ারচর পৌরসভা কার্যালয়ে বাজার ও গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন মো. শরীফুল আলম।

পরে কুলিয়ারচর মৎস্যবাজার জামে মসজিদ এবং বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান প্রতিষ্ঠানটি সরকারিকরণের দাবি জানান।

পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও শ্রবণ সহায়ক উপকরণ বিতরণ করেন প্রতিমন্ত্রী।

দিনের শেষ কর্মসূচিতে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষস্থান অর্জনকারী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মালেকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ