কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে অনিক মিয়া (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) সকালে ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন অনিক। মঙ্গলবার ইভটিজিংয়ের প্রতিবাদ করে বিষয়টি পরিবারকে জানালে তার ভগ্নিপতি অনিককে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে অনিক লোহার রড নিয়ে তাদের ভাড়াটিয়া বাড়িতে গিয়ে ছাত্রী ও তার ভগ্নিপতির ওপর হামলা করেন বলে অভিযোগ। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

ঘটনার পর থেকে শিক্ষার্থী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আতঙ্কে শিশুটির পড়াশোনাও অনিশ্চিত হয়ে পড়েছে বলে পরিবারের দাবি।

এ ঘটনায় ছাত্রীর বড় বোন বাদী হয়ে বুধবার কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালালেও তিনি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, “তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন খন্দকারও বিষয়টি অবগত হওয়ার কথা জানিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ