রাজারহাটে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর এলাকার বাসিন্দা। আহতরা হলেন মিজানুর রহমান, রবিউল ইসলাম, শফিউর রহমান এবং সিএনজিচালক দুলু। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সরবরাহকারী পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে এরশাদ আলীর মৃত্যু হয়।
আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

