৬ মাস ধরে বন্ধ গফরগাঁও-হোসেনপুর মহাসড়কের বেইলি ব্রিজ, ভোগান্তিতে হাজারো মানুষ
মো. শামছুল হক, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গফরগাঁও-হোসেনপুর মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজ প্রায় ছয় মাস ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালক-যাত্রীরা। দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী ও সচেতন মহল প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, গফরগাঁও থেকে হোসেনপুর বাজার হয়ে কিশোরগঞ্জ, সিলেট ও চট্টগ্রামগামী যানবাহনের জন্য ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ৯ জানুয়ারি গভীর রাতে অতিরিক্ত পণ্যবোঝাই একটি কয়লাবাহী ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় এর একপাশ দেবে যায়। এতে লোহার পাটাতনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে বড় ধরনের ফাঁক তৈরি হয় এবং ব্রিজটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, ট্রাকটির অতিরিক্ত ওজনের কারণেই ব্রিজটির ক্ষতি হয়েছে। বর্তমানে ব্রিজের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে এবং যেকোনো সময় পুরো কাঠামো ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতের অন্ধকারে কেউ ভুলবশত ব্রিজটি ব্যবহার করলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্রিজটিতে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জনগণকে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষক দলের সভাপতি মো. আব্দুস সালাম বলেন, “ব্রিজটি দ্রুত সংস্কার না করলে হাজার হাজার মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এছাড়া চর বিশ্বনাথপুর এলাকার একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে যাতায়াত ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনাও ব্যাহত হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা সরেজমিন পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।”
স্থানীয়দের দাবি, দীর্ঘ ছয় মাসেও ব্রিজটি সংস্কারের কাজ শুরু না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। দ্রুত সংস্কার কাজ শুরু করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা।

