কুলিয়ারচরে শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ইমাম আটক

ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একটি স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার (২৪ মে) বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি মো. মাহবুব উল্লাহ। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খালিশপুর গ্রামের মৃত শাহিদ আলীর ছেলে। তিনি পশ্চিম তারাকান্দি মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক এবং স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পশ্চিম তারাকান্দি গ্রামের মৃত হান্নান মিয়ার সাত বছর বয়সী কন্যা তানিশা আক্তার শিক্ষকের জন্য খাবার নিয়ে যান। এ সময় শিক্ষক মাহবুব উল্লাহ শিশুটিকে কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাহবুব উল্লাহকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ