ধামইরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী।
উদ্বোধনের পর ইউএনওর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিশুদের পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনা শেষে ধামইরহাট এপি ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত পুষ্টিকর খাবারের স্টল পরিদর্শন করা হয়। স্টলে বিভিন্ন ধরনের ডাল, মিষ্টি কুমড়া, পেঁপে এবং নানা জাতের শাকসবজি প্রদর্শন করা হয়।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেদারুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ফয়সাল ইসলাম এবং ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

