‘আমরা উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছি’
নিউজ ডেস্ক:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা উত্তরাধিকার সূত্রে একটি পঙ্গু অর্থনীতি পেয়েছি। তিন মাসের মধ্যেই ব্যাংক থেকে কিছু ঋণ নিতে হয়েছে। সরকার যে ঘাটতিসহ অর্থনৈতিক অবস্থা পেয়েছে, তা মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। ভ্যাট থেকে যে রাজস্ব আসে, তা দিয়ে বাজেটের অর্ধেকও পূরণ হয় না। বাকি অর্থ বিভিন্নভাবে সংগ্রহ করতে হয়।
সোমবার (২০ এপ্রিল) গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যে সংবাদের মধ্যে সত্য নেই, সেটি ভুল তথ্য জানিয়ে তিনি বলেন, ডাটা ছাড়া কোনো তথ্য কেবলই অভিমত। কোনো অভিমত সংবাদ নয়। দেশে ভালো সাংবাদিকের সংখ্যাই বেশি। যারা ভুল তথ্য, মিথ্যা তথ্য ও বিকৃত সংবাদ প্রকাশ করে ব্ল্যাকমেইল করে, তাদের সংখ্যা খুবই কম।
সমাজ ভেঙে পড়েছে, কোথাও সামাজিক শৃঙ্খলা নেই জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে পুলিশ প্রশাসন ও আমলাতন্ত্র নানা ধরনের চাপে ও বিষাক্ত পরিবেশে কাজ করছে। নির্বাচনের পর এখন একটি হানিমুন পিরিয়ড চলছে, যা হয়তো বেশি দিন থাকবে না। মানুষ তার চাহিদা ও প্রত্যাশা নিয়ে সরকারের মুখোমুখি দাঁড়াবে এবং কোনো ভুল হলে কেউ ছাড় দেবে না। এখন ভুল হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে; দুপুরে ভুল করলে বিকালে মিছিল হয়ে যায়—এটাই বর্তমান সময়ের বাস্তবতা।
উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন প্রমুখ। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

