করিমগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

আনোয়ারুল হক আনার: কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) করিমগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলার বৌলাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এ অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করা হলে তার বহনকৃত বেনেটিব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

আটক আমেনা খাতুন (৩০) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী উত্তর গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, করিমগঞ্জে মাদকের ব্যাপক বিস্তারের কারণে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত, করিমগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যবৃন্দ এবং করিমগঞ্জ থানা পুলিশ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ