কিশোরগঞ্জ ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত
মো. মনির হোসেন: ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগের সহযোগিতায় কিশোরগঞ্জ ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলে অগ্নি নির্বাপনী ও ভূমিকম্প প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে স্কুল প্রাঙ্গনে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল খালিদের নেতৃত্বে এই মহড়া পরিচালিত হয়।
মহড়ায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জরুরি পরিস্থিতিতে দ্রুত সরে যাওয়া, নিরাপদ আশ্রয় গ্রহণ, অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহারের নিয়ম, এবং ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষার্থীরা বাস্তব মহড়ায় অংশগ্রহণ করে আগুন লাগলে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, কিভাবে অন্যদের সহায়তা করতে হবে এবং আতঙ্ক এড়িয়ে নিরাপদ স্থানে যেতে হবে এসব বিষয়ে বিস্তারিত ধারণা পায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল খালিদ জানান, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের দুর্যোগ মোকাবিলায় দক্ষ করে তুলতে নিয়মিত এ ধরনের মহড়া আয়োজন অত্যন্ত জরুরি। এতে শিক্ষার্থীদের সচেতনতা যেমন বাড়ে, তেমনি দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়।
স্কুলের পরিচালক শাহ্ সাকির আহাম্মদ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া অব্যাহত থাকবে।
মহড়ায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক (ইংরেজি) মো. আক্তারুজ্জামান, কিশোরগঞ্জ পৌর কলেজিয়েট স্কুলের সভাপতি মো. দিদারুল হকসহ শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।

