ব্রাহ্মণবাড়িয়ায় ধূমপান ও তামাকবিরোধী মতবিনিময় সভা ও র্যালি
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভিআইপি রেস্ট হাউজে ধূমপান ও তামাকবিরোধী একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং রেলওয়ে বিভাগের সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্টেশন মাস্টার মোঃ জসিম উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেলওয়ে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদ উদ্দিন ও এ টি এস-এর কবির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা মাদকবিরোধী সংগঠনের সভাপতি মোঃ ইবনে আবদুল্লাহ শাহজাহান। সভা সঞ্চালনা করেন রেলপথ মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার সার্জিয়া বিনতে সালেহ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ধূমপানের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তুলে ধরেন। তিনি বলেন, ধূমপানের ফলে কিডনি, লিভার ও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হয় এবং বহু মানুষ অকালেই হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুবরণ করছেন।
তিনি আরও জানান, রেলস্টেশন ও ট্রেনের ভেতরে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এসব স্থানে ধূমপান ও তামাকজাত পণ্যের বিক্রয় বন্ধে রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং সকলেই তামাকবিরোধী উদ্যোগের প্রতি সমর্থন জানান। সভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে ধূমপান ও তামাকবিরোধী একটি র্যালি বের করা হয়।

