খালে পড়ে মারা গেল কৃষকলীগ নেতা
অনলাইন ডেস্ক :
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আতিয়ার হোসেন খান (৫২) নামের এক কৃষকলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা থেকে শরণখোলাগামী পরিবহনের ধাক্কায় ভ্যানসহ খালে পড়ে তিনি নিহত হন।
নিহত আতিয়ার হোসেন খান উপজেলার বলইবুনিয়া গ্রামের ফজলুর রহমান খানের ছেলে। তিনি দৈবজ্ঞহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকরাম হোসেন শেখ জানান, ভোর ৬টার দিকে কালিকাবাড়ি বাজার এলাকায় খাল থেকে আতিয়ার রহমানকে ভ্যানে চাপা পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। পরে পুলিশের সহযোগিতায় উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিজের ভ্যান চালিয়ে কালিকাবাড়ি বাজারে যাচ্ছিলেন আতিয়ার রহমান। এসময় ঢাকা থেকে শরণখোলাগামী একটি পরিবহনের ধাক্কায় ভ্যানসহ তিনি খালে পড়ে নিহত হন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

