কিশোরগঞ্জে বুধবার আরও ২৭২ গৃহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মো. মনির হোসেন: আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষে চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপে) কিশোরগঞ্জের ৮টি উপজেলার ২৭২জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। সেই সাথে ৬টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষনা করে হবে।

বুধবার (৯ আগস্ট) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

জেলা প্রশাসক জানান, জেলায় মোট বরাদ্দকৃত গৃহের সংখ্যা ২ হাজার ৭৫৮। যার মধ্যে ৪টি পর্যায়ে ২ হাজার ২২১টি পরিবারকে আমরা গৃহ নির্মাণ করে দিয়েছি। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে জেলার করিমগঞ্জ, হোসেনপুর, মিঠামইন, নিকলী, বাজিতপুর, কুলিয়ারচর, তাড়াইল, ইটনা উপজেলায় আরও ২৭২টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হোসেনপুর, করিমগঞ্জ, বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী, মিঠামইন উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ