জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরন্নবীর বাড়িতে গুলিবর্ষণ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আইনজীবী নূরন্নবী বাদলের বসত বাড়িতে গুলিবর্ষণ ও ভাংচুরের অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের আপন ভাগ্নে বলিয়ারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ও ভাগ্নে গাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব জুয়েলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবী নূরন্নবী বাদল অভিযোগ করেন।
রোববার (০২ এপ্রিল) বিকেলে জেলা পাবলিক লাইব্রেরিতে বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব কথা জানান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবী নূরন্নবী বাদল।
তিনি জানান, গত বৃহস্পতিবার (৩০ মার্চ) বাজিতপুর উপজেলা গাজিরচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ করছিল ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিব ও সহ-সভাপতি কাউছার। এ সময় গাজির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহার জুয়েলের নেতৃত্বে তাদের ওপর হামলা করে। এর প্রতিবাদে ওইদিন সন্ধ্যায় বাজিতপুর উপজেলার স্বেচ্ছাবেক লীগ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। পরে শুক্রবার (৩১ মার্চ) উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ গাজিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিব ও কাউছারকে দেখতে মোটরসাইকেল বহর নিয়ে রওনা দিলে ওই বহরে গাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব জুয়েলের নেতৃত্বে সন্ত্রাসী বহিনী অতর্কিত হামলা চালায়।
শেখ নূরন্নবী বাদল আরও জানান, এ সময় তারা তিনটি মটর সাইকেল ভাংচুর করে। সন্ধ্যার পর কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের আপন ভাগ্নে বলিয়ারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ও ভাগ্নে গাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব জুয়েলের নেতৃত্বে আমার বসত বাড়িতে সন্ত্রাসী হামলা চালায় এবং গুলিবর্ষন ও ভাংচুর করে। পরে সংসদ সদস্যের আপন ভাই বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ বাহিনী বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নূরুল ইসলাম খোকনের ছোট ভাই আঙ্গুরকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এখন তিনি মৃত্যু শয্যায় বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি আছে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবী শেখ নূরন্নবী বাদল জানান, তারা বাজিতপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেদায়েত ইসলাম নয়নের বাড়িতে অস্ত্রসহ হুমকি ও বাজিতপুর পৌর সভার ১নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজুরের অটো গ্যারেজ ও দোকান লুটপাট এবং বাজিতপুর উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক জুবায়ের আহমেদে বাড়ীতে হামলা করে মটর সাইকেল নিয়ে যায়। বাজিতপুর উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন ও হালিমপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমজানকে এমপির শ্যালক হালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল হত্যার হুমকী দেয়।
তিনি জানান, গত ৩০ মার্চ থেকে বাজিতপুর উপজেলা আওয়ামীলীগের তৃনমূলের বিভিন্নস্তরের নেতৃবৃন্দকে এমপি লীগের তান্ডবে এলাকা ছাড়া। আমরা আওয়ামী লীগ করে স্থানীয় এমপি আফজাল হোসেনের সন্ত্রাসী বাহিনীর কারণে এলাকা ছাড়া। বাজিতপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার প্রার্থী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুর রহমান বুরহান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রেজাউল হক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য শেখ রফিকুন্নবী, বাজিতপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আমিনুল হক পারভেজ, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মেসবাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক জোবায়ের আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্যের অনুগতদের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে কথা বলতে মোবাইল ফোনে কয়েকবার ফোন দিলে তার ব্যবহৃত নাম্বারটি (01917218683) বন্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলনে আনীত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়েছেন কিনা প্রশ্ন করলে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গুলিবর্ষণের কোনো সংবাদ আমরা পাইনি। এ বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

