জিমেও নেই, ডায়েটেও নেই

সময়টা ২০১৩ কি ১৪ হবে। ‘অগ্নি’র শুটিং চলছে। তখন সবার দেখাদেখি কিছুদিন শরীরচর্চা করেছিলেন মাহিয়া মাহি। তাঁর মতে, সেটা নাকি ছিল তাঁর জীবনের বড় একটা ভুল, ‘সেবারই একবার ভুলে জিম করেছিলাম। তারপর ওই পথেই আর হাঁটিনি। এত ধৈর্য আমার নেই। এমনিতেই আমি যথেষ্ট ফিট আছি। আমার জিমের দরকার নেই।’

তারকারা ইদানীং বেশ ঘটা করে জিম করছেন, শুধু তা-ই নয়, তার ছবিও আবার নিয়মিত ফেসবুকে পোস্ট করছেন। নিয়মিতই সেগুলো মাহির চোখে পড়ে। এঁদের মধ্যে মাহির কাছের দুজন সহকর্মীও আছেন। তাঁদের কথা মনে করিয়ে দিতেই মাহির তাৎক্ষণিক জবাব, ‘(নুসরাত) ফারিয়া আর (বিদ্যা সিনহা) মিম যেভাবে জিমের ছবি দেয়, দেখে আফসোস লাগে। কী কষ্ট করে। আহা রে বেচারি! তারা পারেও। আমি ভাই এসবের মধ্যে নেই। জিমের সামনের রাস্তা দিয়েও আমি যেতে চাই না।’

কিন্তু জিমের তো অনেক উপকারিতা। সে সম্পর্কে মাহিও ওয়াকিবহাল। তারপরও শরীরচর্চা কখনোই তাঁকে টানে না। কেন? মাহি বলেন, ‘জিম করতে আমার একদম ভালো লাগে না। অনেক কিছু মেনটেইন করতে হয়। খাবার, নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাওয়াসহ অনেক বিষয়ই মানতে হয়। আর আমি না খেয়ে থাকতে পারি না। সামনে যে খাবার থাকে, খেয়ে ফেলি। কদিন আর বাঁচব। এত কষ্ট করে কী লাভ। শরীরকে শুধু শুধু কষ্ট দেওয়া। যারা কষ্ট দিচ্ছে, তারা দিতে থাক। কখনোই আমি মুটিয়ে যাই না। সেটাই খেয়াল রাখি।’

সম্প্রতি নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছেন মাহিয়া মাহি। নিজের পছন্দের একটি এক্সপেরিমেন্টাল কাজে নাম লিখিয়েছেন। নিজেই এটা প্রযোজনা করেছেন মাহি, ‘৯ বছরের ক্যারিয়ারে ইন্ডাস্ট্রি থেকে নিয়েছি অনেক। শুধু ইনকাম করে গেছি। এবারই প্রথম কিছু টাকা বিনিয়োগ করলাম। চেয়েছিলাম ইউটিউবে মুক্তি দেব। কিন্তু কাজটা এত ভালো হয়েছে যে একটি অনলাইন স্ট্রিমিং সার্ভিস এটি দেখাতে আগ্রহ প্রকাশ করে। মুক্তির পর থেকে বেশ প্রশংসা পাচ্ছি।’ ‘একটি রাতের গল্প’ নিয়ে নির্মিত ‘এইডা কপাল’ নামের নাটকটি পরিচালনা করেছেন রায়হান রাফি। তিন দিনের প্রস্তুতিতেই শুটিং শেষ করেছেন তাঁরা।

নাটক তো হলো, চলচ্চিত্র প্রযোজনা করবেন না? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘ইচ্ছা আছে, কিন্তু এখনই ঘোষণা দিতে চাই না। এ জন্য আলাদা প্রস্তুতি দরকার। এমন না যে আমার অসংখ্য সিনেমায় অভিনয় করা হয়ে গেছে বা আমি অনেক সিনিয়র হয়ে গেছি। আমি নিয়মিত কাজ করছি। প্রযোজনার বিষয়টি সময়ই বলে দেবে।’

সম্প্রতি মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার পোস্টার মুক্তি পেয়েছে। এটি গিয়াসউদ্দীন সেলিমের ‘মনপুরা’ সিনেমার গানের প্রেরণায় তৈরি হয়েছে।

Source:Prothom Alo

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries