ভৈরবে সাংবাদিকদের দাবির মুখে পুলিশ ফাড়ির ইনচার্জ প্রত্যাহার
এম.এ হালিম: ভৈরবে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলা-গাফিলতির অভিযোগে শহর পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ শাহাব উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে। গত ৬অক্টোবর কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। এঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ভৈরবের ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, গত ১৮সেপ্টেম্বর ভৈরব প্রেসকাবে আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কালের কন্ঠ ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ তার বক্তব্যে ভৈরব শহর পুলিশ ফাড়িকে অচল পুলিশ ফাড়ি হিসেবে আখ্যায়িত করে ইনচার্জ শাহাব উদ্দীনের বিরুদ্ধে নানা অনিয়ম-দূর্নীতিসহ দায়িত্বে অবহেলার বিভিন্ন ঘটনা তুলে ধরেন এবং তাকে প্রত্যাহারের দাবি জানান। এসময় অন্যান্য গণমাধ্যমকর্মীরাও এ দাবির সাথে একাত্বতা পোষণ করেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উল্লেখ্য বন্দর নগরী ভৈরব একটি শিল্প বাণিজ্যিক শহর হওয়ায় এ অঞ্চলে প্রতিনিয়িত হাজার হাজার ব্যবসায়ীদের আনাগুনা থাকে। প্রতিদিন ব্যবসায়ীক স্বার্থে লেনদেন হয় কোটি কোটি টাকা। তবে ব্যস্ত এই নগরীর নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা শহর পুলিশ ফাড়ির। কিন্তু গত আটমাস আগে শাহাব উদ্দীন ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে প্রশ্নবিদ্ধ হতে শুরু করে শহর পুলিশ ফাড়ির কার্যক্রম। সাড়ে ৩হাজার ব্যবসা প্রতিষ্ঠানের এই ভৈরব বাজারে বিগত আটমাসে প্রতি সাপ্তাহিক বন্ধের দিন রবিবারে একাধীক চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও বাজারের সাপ্তাহিক হাট হিসেবে প্রত্যেক বুধবারে অনন্ত ৮/১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। কিন্তু দায়িত্ব থাকাকালীন দীর্ঘ আটমাসে পুলিশ ফাড়ির ইনচার্জ হিসেবে বাজারের চুরি-ছিনতাই রোধে শাহাব উদ্দীনের উল্লেখযোগ্য কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। এছাড়াও বিভিন্ন উৎসব- অনুষ্ঠান উযযাপনের নাম করে পুলিশ ফাড়ির ইনচার্জ শাহাব উদ্দীন ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাদাঁ তুলতেন বলেও অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের একাধীক ব্যবসায়ী।
বর্তমানে ভৈরব শহর পুলিশ ফাড়ির নতুন ইনচার্জ হিসেবে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন থেকে মোঃ সেলিম যোগদান করেছেন। নতুন ইনচার্জের কার্যকরি ভূমিকায় বাজারের চুরি-ছিনতাই বন্ধ হবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের।

