স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার স্বামীর অভিযোগ
স্টাফ রিপোর্টার
তিন সন্তানের জননী স্ত্রীর বিরুদ্ধে স্বামী ও তার স্বজনদের নামে মিথ্যা নারী ও নির্যাতন মামলা দিয়ে হয়রানির করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে স্বামী ফারুক হোসাইন জেলা পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। অভিযোগে জানা যায়, পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা রূপসা গ্রামের হাজী গিয়াস উদ্দিনের ছেলে ফারুক হোসাইনের সঙ্গে ২০০৫ সালে পার্শ্ববর্তী হোসেন্দী আতকাপাড়া গ্রামের রায়হান উদ্দিনের মেয়ে রুমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। ইতোমধ্যে তাদের সংসারে শাপলা আক্তার (১২), মনির (৯) ও নির্জনা নামের সাড়ে তিন বছর বয়সী সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে সাংসারিক তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এসব ঘটনায় দু’পরিবারের আত্মীয়স্বজন বেশ কয়েকবার দেন-দরবারও করেছেন। এর জের ধরে গত ৬ ফেব্রুয়ারি বিকেলে শাশুড়িকে কেন্দ্র করে আবারো স্বামী-স্ত্রী দু’জনের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনার পর আত্মীয়স্বজন স্বামীর বাড়িতে গিয়ে স্ত্রী রুমাকে সন্তানদেরসহ বাবার বাড়িতে নিয়ে যায়। পরে সম্প্রতি স্বামী ফারুক হোসাইন নোটারী পাবলিক ১৯৪ নং এফিডেভিটের মাধ্যমে স্ত্রীকে মৌখিক তালাকের নোটিশ প্রদান করেন। এমতাবস্থায় রুমা আক্তার ও তার পরিবারের লোকজন মোবাইল ফোনে ও লোকমুখে স্বামী ফারুক ও তার আত্মীয়স্বজনকে মিথ্যা নারী ও নির্যাতন মামলা দিয়ে হয়রানি করাসহ নানা হুমকি দিচ্ছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।
