ভৈরবে পুত্রের বদলে পিতা জেল হাজতে
এম.এ হালিম
ভৈরবে পুত্রের বদলে পিতাকে মাদক মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে পঞ্চবটি গ্রামের নতুন রাস্তা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের উপ-পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ সঙ্গিয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী ধন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ধন মিয়ার বসত ঘরে তল্লাশি চালিয়ে দু’শ গ্রাম গাঁজাসহ ধন মিয়ার ছেলে আকাশ (২০)কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ে নিয়ে আসে। পরে সন্ধা প্রায় ছয়টার দিকে ধন মিয়া নিজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে উপস্থিত হয়ে উদ্ধারকৃত গাঁজা নিজের বলে স্বীকার করলে পুত্র আকাশকে ছেড়ে দেয়। স্থানীয়রা জানান, রোববার দুপুরে গাাঁজাসহ আকাশকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন আটক করে নিয়ে গেলে সন্ধায় আকাশের পিতা ধন মিয়াকে ফোন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে নিয়ে যায়। পরে পুত্রকে ছেড়ে দিয়ে পিতার নামে মামলা দেয়। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল উপ-পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বলেন, কৌশলগত কারণে ধন মিয়ার ছেলেকে ধরে আনা হয়েছিল। পরে তার পিতা নিজে ধরা দেওয়ায় তার ছেলে আটককৃত আকাশকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান আকাশ ককিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছে। সে মাদক ব্যবসায়ী নয়। তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে। কিন্ত তার পিতা ধন মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। পরিদর্শক মাসুদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী পিতাকে আটক করার জন্যই কৌশলে ছেলেকে আটক করা হয়েছিল।

