ভোট কেন্দ্রে পুত্রার কোলে শতবর্শী আমেনা বেগম
মুহাম্মদ কাইসার হামিদঃ
ভোট উৎসবে অংশ গ্রহন করতে দেখা গেছে আমেনা বেগম নামে শত বছরের উপরে বয়স্ক এক বৃদ্ধাকে । বুধবার (৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড উপ-নির্বাচনে আমেনা বেগমের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পুত্রা শাহজাহানের কোলে উঠে কেন্দ্রে আসেন। ওই বৃদ্ধা ৪নং ওয়ার্ডের মাসিম পুর গ্রামের মৃত মকবুল হোসেনর স্ত্রী । ভোট দেওয়ার অনুভূতি জানতে চাইলে আমেনা বেগম আস্তে আস্তে বলেন, সব নির্বাচনে আমি ভোট দিয়েছি। জীবনের শেষ প্রান্তে এসে এটা হইতো আমার শেষ ভোট হতে পারে, তাই ভোট দিতে এলাম। বয়স সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,১১০ বছর বয়স হয়েছে।
বুধবার ৪নং ওয়ার্ড উপ-নির্বাচনে উৎসব মূখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত র্যাব,পুলিশ, আনসার ও সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৪ নং ওয়ার্ড সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৪ জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দীতা করেন। সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোটারগণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২ হাজার ১’শ ৪৩ ভোটের মধ্যে কাস্টিং হয়েছে ১ হাজার ৪’শ ৯৪ ভোট। বাতিল হয়েছে ১৮ ভোট। বৈধ ১ হাজার ৪’শ ৭৬ ভোটের মধ্যে মোঃ হারিছ ভূঞা ফুটবল প্রতীকে ৭’শ ৮আট ভোট পেয়ে বেসরকারী ভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ কুলি ভূঁইয়া মোরগ প্রতীকে পেয়েছেন ৬’শ ৩৫ ভোট।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এলাকাবাসী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগীতায় সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট সালুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আশরাফ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করায় ওই দিন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ উক্ত ওয়ার্ড সদস্য পদ শূন্য ঘোষণা করেন। গত ৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন অফিসার ও সালুয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এক প্রজ্ঞাপন জারি করে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

