কিশোরগঞ্জে অজ্ঞাত বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

মো. মনির হোসেন: কিশোরগঞ্জের বাজিতপুরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৮০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে কটিয়াদী হাইওয়ে থানা পুলিশ। তাঁর পরিচয় শনাক্ত করতে পরিবারের সদস্যদের সন্ধান চেয়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার মধ্য পিরোজপুর এলাকায় মহাসড়কের কিশোরগঞ্জগামী লেনে স্থানীয় শাহজাহান নামে এক ব্যক্তির ধানিজমির সামনে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. নবীনূর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেউ ওই বৃদ্ধের পরিচয় জানতে পারলে কটিয়াদী হাইওয়ে থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।

যোগাযোগ: কটিয়াদী হাইওয়ে থানার ওসি- ০১৩২০১৮৪৭১২, এসআই মো. নবীনূর রহমান- ০১৭৬৬১৪২৬৩৬।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ