নিকলীতে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মো. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইরফানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাজী বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম তালুকদার হেলিম, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, উপজেলা যুব কাউন্সিলের সদস্য আবদুল মান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম লিটন, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হুসাইন, নারী উদ্যোক্তা শায়লা আক্তারসহ সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের যুব উন্নয়নকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা নিকলীতে একটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান। তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা সঠিক পথে পরিচালিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, যুবকদের নিজেদের অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগাতে হবে। মন-মানসিকতা, কর্মদক্ষতা ও সহনশীলতা বাড়িয়ে নিজ নিজ দক্ষতা দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। নিজের কাজের প্রতি আগ্রহ ও ইচ্ছাশক্তিই সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, যুবসমাজ দেশের মূল শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে দক্ষ যুবসমাজ গড়ে তুলতে হবে। একই সঙ্গে মাদক ছেড়ে কর্মমুখী হওয়ার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান তিনি।

