ভারত সিরিজ কি হবে? যা বললেন তামিম ইকবাল
নিউজ ডেস্ক:
চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের। তবে সিরিজটি নিয়ে এখনো দুই দেশের ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে ভারত সফর পিছিয়ে দিতে পারে, এমন গুঞ্জনও রয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, সিরিজ নিয়ে আলোচনা এখনো চলছে।
বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারত সিরিজের বর্তমান পরিস্থিতি জানান তামিম। একই সঙ্গে সিরিজটি মাঠে গড়ালে বয়সভিত্তিক গেম ডেভেলপমেন্ট ওয়ানডে টুর্নামেন্টের (জিডি ট্রফি) সূচিতেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
তামিম বলেন, ‘ভারত সিরিজ নিয়ে আমাদের এখনো আলোচনা হচ্ছে। তারিখ এদিক ওদিক হতে পারে। যদি ভারত সিরিজ হয় তখন জিডি ট্রফি মিরপুর থেকে অন্য ভেন্যুতে চলে যাবে।’
এদিকে বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সমালোচনা হলেও স্বচ্ছতা ও বোর্ডের মর্যাদা ধরে রাখার বিষয়ে আপসহীন থাকার কথা জানিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ হলো পুরোপুরি স্বচ্ছ ক্রিকেট, সবকিছু বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মর্যাদা অটুট রাখা এবং তারপর সামনে এগোনো। এটার জন্য যদি আপনাদের থেকে আমাকে ১০টা সমালোচনাও শুনতে হয়, আমি তাতে রাজি।’
একই সময়ে দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের খেলার সুযোগ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বিসিবিতে। বর্তমানে জাতীয় দলসহ বাংলাদেশের একাধিক দল বিভিন্ন প্রতিযোগিতায় ব্যস্ত।
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়ও বাংলাদেশের দল খেলছে। এমন পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। তার মতে, বিভিন্ন পর্যায়ে যত বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে, তত বেশি প্রতিভাবান ক্রিকেটারকে চিহ্নিত করা সম্ভব হবে।
তামিম বলেন, ‘আপনারা জানেন যে এর মধ্যে প্রায় ৪টা দল এই মুহূর্তে বাংলাদেশের কোনো না কোনো টুর্নামেন্টে খেলছে। দক্ষিণ আফ্রিকায় আছে, অস্ট্রেলিয়ায় আছে। এটা বিরল একটা বিষয়, মানে এটা সচরাচর হয় না। আসলে ৫টা দল ছিল, অনূর্ধ্ব-২৩ দলও সম্প্রতি খেলেছে। যত বেশি খেলার সুযোগ থাকবে এবং যত বেশি এরা বিভিন্ন প্রতিযোগিতায় খেলবে, তত বেশি আমরা খেলোয়াড় শনাক্ত করতে পারব এবং তত বেশি আমরা উন্নতি করতে পারব।’

