করিমগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১,৭১৯ পরীক্ষার্থী
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সারা দেশের সঙ্গে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়ও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
পরীক্ষার সার্বিক পরিবেশ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা এবং সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির। তারা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন এবং নকলমুক্ত, সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্র সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর করিমগঞ্জ উপজেলায় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় মোট ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, কেন্দ্র সচিব, শিক্ষক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুর রহমান বলেন, “নকলমুক্ত পরিবেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা নেই।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের তদারকি ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

