কিশোরগঞ্জে মাদ্রাসার সাইনবোর্ড উদ্বোধনে হামলা, ইউএস পুলিশ কর্মকর্তাসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াইল এলাকায় একটি প্রস্তাবিত মাদ্রাসার সাইনবোর্ড উদ্বোধনকে কেন্দ্র করে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রে কর্মরত এক পুলিশ কর্মকর্তাসহ একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কড়িয়াইল এলাকায় প্রস্তাবিত ‘এইচ.এম.এস.কে মেমোরিয়াল তথ্য প্রযুক্তি ও কারিগরি মাদ্রাসা’ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল উদ্দিন খান।

আহতরা হলেন— যুক্তরাষ্ট্রে কর্মরত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল উদ্দিন খান, তার বড় ভাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিলেজ কার্গোর ‘ফ্রেট অ্যান্ড ফরোয়ার্ডিং’ ব্যবসা সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান খান (তাজ) এবং তার ভাতিজা মোহাম্মদ দানিয়াল খান।

এ ঘটনায় আবদুর রহমান খান (তাজ) বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহমান খান দীর্ঘদিন ধরে ঢাকায় ব্যবসা পরিচালনা করছেন। তিনি তার মৃত বাবা-মায়ের নামে দান করা জমিতে প্রস্তাবিত ‘এইচ.এম.এস.কে মেমোরিয়াল তথ্য প্রযুক্তি ও কারিগরি মাদ্রাসা’র সাইনবোর্ড স্থাপন ও উদ্বোধন করতে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে প্রবেশ করে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, আমিন উদ্দিন খানের নির্দেশে মাহবুবুর রহমান খান সোহেল, মাসুদ খান, সোলাইমান খান ও জান্নাতুল ফেরদৌস খান (বরকত)সহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ব্যক্তি হামলায় অংশ নেন। তারা মাদ্রাসার সাইনবোর্ড ভাঙচুর করে নামিয়ে ফেলেন এবং বাধা দিতে গেলে আবদুর রহমান খান, দানিয়াল খান ও ফয়সাল উদ্দিন খানকে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করেন।

পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মোহাম্মদ ফয়সাল উদ্দিন খান দাবি করেন, হামলাকারীরা চলে যাওয়ার সময় মামলা বা সালিশ করলে সবাইকে হত্যার হুমকিও দিয়েছে। এ কারণে তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ