রামিসা ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে নিকলীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ):

সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রামিসা ধর্ষণ ও হত্যাসহ সারাদেশে নারী-শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

রোববার (২৪ মে) সকাল ১০টায় নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জেন্ডার সমতা ও জলবায়ু জোট, নিকলীর আয়োজনে এবং কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রামিসাসহ দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, গণধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে। এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং বিচারহীনতা, প্রশাসনিক দুর্বলতা এবং দীর্ঘসূত্রিতাপূর্ণ বিচার ব্যবস্থার ভয়াবহ প্রতিফলন।

তারা বলেন, অপরাধীরা বারবার আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাওয়ায় সমাজে ধর্ষণ ও সহিংসতার সংস্কৃতি ভয়াবহ আকার ধারণ করছে। ফলে নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ২৭, ২৮ ও ৩১ অনুচ্ছেদে নাগরিকের সমতা, নিরাপত্তা ও আইনের আশ্রয়ের অধিকার নিশ্চিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদের স্বাক্ষরকারী দেশ হিসেবে প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য। কিন্তু বাস্তবে নারী ও শিশুরা প্রতিনিয়ত সহিংসতা ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে।

সমাবেশে বক্তারা ধর্ষক ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা বন্ধের আহ্বান জানান তারা।

জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জোটের সহ-সভাপতি আয়ুব আলী মাস্টার, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল আলম, জেসমিন আক্তার, সাংবাদিক জয়দেব আচার্য্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, সমাজকর্মী, নারী নেত্রী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় নিকলীর বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের কোমলমতি শিশুরাও রাস্তায় নেমে রামিসা হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে সচেতন নাগরিক সমাজ আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ