নেত্রকোনায় অবৈধ ডিজেল মজুদ: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি:

অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ রাখার অভিযোগে নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে প্রায় ৩ হাজার ১০০ লিটার জ্বালানি তেল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। অভিযানে মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্সে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ডিজেলের সন্ধান পাওয়া যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অভিযানে জব্দ করা ডিজেলের পরিমাণ আনুমানিক ৩১০০ লিটার, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন।

প্রশাসন জানিয়েছে, জেলায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে জ্বালানি বা অন্য কোনো পণ্য মজুদ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ