নিকলীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

জয়দেব আচার্য্য, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয়া হয়।

সকাল ১১টায় নিকলী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

শোভাযাত্রা শেষে বৈশাখী লোকজ মেলার স্টল পরিদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে বাঙালি সংস্কৃতির নানা দিক তুলে ধরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, নিকলী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সামাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তসলিমা ফেরদৌসী মণি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ