৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নিকলীতে বিজ্ঞান মেলার উদ্বোধন
জয়দেব আচার্য্য, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় নিকলী গোরাচাঁদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তত্ত্বাবধান করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতা করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসিফ ইমতিয়াজ মনির, নিকলী থানার অফিসার ইনচার্জের পক্ষে এসআই মো. আব্দুস ছোবহান, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. খাইরুল আলম, মজলিসপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

