কাউন্সিলের নামে তামাশা হতে দেবো না, কাফনের কাপড় বেঁধে প্রতিহত করবো: বিএনপি নেতা হেলাল
মো. মনির হোসেন: আগামী ৫ জুলাই অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সম্মেলনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকেলে বাজিতপুর উপজেলা সদরের বাঁশমহল এলাকায় বিএনপির বিক্ষুব্ধ অংশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সম্মেলন প্রতিহত করতে তারা সর্বাত্মক প্রস্তুত।
সাবেক জেলা বিএনপির সদস্য মীর জলিল বলেন, আগামী ৫ তারিখে কি হবে জানি না, তবে কাউকে সম্মেলনে অংশ নিতে দেওয়া হবে না। কেউ এলে তাকে ফিরে যেতে দেওয়া হবে না। যারা আসবেন, তাদের হাত-পা অক্ষত থাকবে না।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপি নেতা কাইয়ুম খান হেলাল বলেন, কাউন্সিলের নামে তামাশা করতে দেওয়া হবে না। আমরা শরীরে কাফনের কাপড় বেঁধে কাউন্সিল প্রতিহত করবো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. এহেসান কুফিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজল ভূঁইয়া, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট মো. শাহ আলম, বাজিতপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার মাহমুদ রিপন প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ এবং কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একে.এম ফজলুল হক।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৫ জুলাই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। তবে যারা সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন, তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।

