ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী পুষ্প
অনলাইন ডেস্ক :
শুক্রবার (১২ জুলাই) দেশটির সংসদে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল। ভোটে হারায় এখন বাধ্যতামূলকভাবে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে পুষ্প দাহালকে। সব মিলিয়ে তিনি ১৯ মাস ক্ষমতায় ছিলেন।
গত ৩ জুলাই প্রধানমন্ত্রী পুষ্প দাহালের জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল ইউএমএল। এরপর সংবিধান অনুযায়ী বাধ্য হয়ে পুষ্পকে সংসদে আস্থাভোটের আয়োজন করতে হয়।
নেপালের সংসদের নিম্নকক্ষে আসন রয়েছে ২৭৫টি। কোনো প্রধানমন্ত্রী যদি আস্থাভোটে জিততে চায় তাহলে কমপক্ষে ১৩৮টি ভোট পেতে হবে। কিন্তু শুক্রবারের এই ভোটে পুষ্প দাহাল পেয়েছেন মাত্র ৬৩টি ভোট। তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৪ আইনপ্রণেতা। একজন না ভোট দিয়েছেন। এদিন সংসদে উপস্থিত ছিলেন ২৫৮ আইনপ্রণেতা।
ইউএমএল এবং নেপালি কংগ্রেস নিজেদের মধ্যে চুক্তি করেছে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে খড়গ প্রসাদ অলিকে নির্বাচিত করবে তারা। পুষ্প দাহালের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে ইউএমএল হাত মেলায় দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সঙ্গে।
গত বছরের ডিসেম্বরে নেপালে নির্বাচন হয়। এতে পুষ্প কামাল দাহালের দল সংসদে তৃতীয় সর্বোচ্চ আসন পায়। কিন্তু তা সত্ত্বেও পুষ্প জোট গঠন করে প্রধানমন্ত্রী হতে সমর্থ হন। তবে ওই সময় থেকেই তার জোটটি নড়েবড়ে ছিল। শেষ পর্যন্ত এ বছরের জুলাইয়ে এসে তাকে ক্ষমতা হারাতে হয়েছে।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

