মহিলা নৌকার মাঝি হতে পারেনা, বৈঠা আমার হাতে, আমিই নৌকার মাঝি
শরিফুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রতিবেদক।
একজন মহিলা কখনও নৌকার মাঝি হতে পারেনা বলে মন্তব্য করেছেন, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব:) সৈয়দ শাফায়েতুল ইসলাম।
রবিবার ( ১৭ ডিসেম্বর) বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে দলের নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন । সেখানে আবেগঘন বক্তিতায় মেজর জেনারেল সাফায়েতুল ইসলাম কঠোর ভাষায় তার ছোট বোন নৌকার প্রার্থী ও বর্তমান এমপি সৈয়দা জাকিয়া নূর লিপির সমালোচনা করেন।
সৈয়দ সাফায়েতুল ইসলাম একই আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা: সৈয়দা জাকিয়া নূর লিপির বড় ভাই এবং প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব। দুজনই অস্থায়ি রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান।
তিনি বলেন, নৌকার মাঝি হতে পারে, কিন্তু মাইঝনি হতে পারেনা। নৌকার মহিলা মাঝি নাই। নৌকা পাইনি কিন্তু বৈঠা আমার হাতে। আমিই নৌকার মাঝি। আমি জানি নৌকা কোন দিকে চালাতে হবে।
তিনি আরও বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের জন্য জমি দিয়েছি। কিন্তু এখানে মানুষ চিকিৎসা পাচ্ছেনা। এবার নির্বাচিত হলে মেডিকেলে চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ বড় ভাই প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবো।
কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাদের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। বড় ভাইকে সমর্থন জানিয়ে রবিবার বিকেলে কিশোরগঞ্জের রিটার্ণিং কর্মকর্তার কাছে লিখিত নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন সৈয়দ আশফাকুল ইসলাম।
এ সময় বড় ভাইয়ের পক্ষে দলের নেতাকর্মিদের নিয়ে কাজ করার আশ্বাস দেন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়া স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

