এফডিসিতে অনেকেই আওয়ামীলীগর নাম ভাঙিয়ে খাচ্ছেন: চিত্র নায়িকা পপি
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) অনেকেই আওয়ামীলীগের নাম ভাঙিয়ে খাচ্ছেন বলে অভিযোগ করেছেন এক সময়ের সুপারহিট চলচিত্র নায়িকা সাদিকা পারভিন পপি।
তিনি জানান, আমাদের শিল্পী সমিতিতে এখন অনেকেই আওয়ামী লীগ ও পুলিশের ক্ষমতা ব্যবহার করছেন।
অনেক রাত পর্যন্ত সমিতিতে ফারুক ভাইয়ের মতো শিল্পী বসে আড্ডা দেন। অথচ রাজ্জাক ভাই বা আলমগীর ভাইকে কখনো তা করতে দেখিনি।’
তিনি বলেন গত বছর নির্বাচন করেছিলাম, এই বছর মৌসুমী আপার প্যানেল থেকে নির্বাচন করার কথা ছিল। যেহেতু এফডিসিতে নির্বাচন করার মতো পরিবেশ নেই, তাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আর নির্বাচন করলেও পাস করতে পারতাম না। সাধারণ সদস্যরা ভোট দিলেও রাতের অন্ধকারে ফেল করানো হতো। আর কোনোভাবে পাস করতে পারলেও নির্বাচনের পর শুরু হতো নোংরা রাজনীতি। আমি নেত্রী হতে ইন্ডাস্ট্রিতে আসিনি, অভিনেত্রী হতে এসেছি।’
অভিযোগ করে পপি বলেন, ‘এখন যাঁরা সমিতিতে নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের মেয়াদ অনেক আগেই শেষ। তার পরও নিজেদের মতো হঠাৎ করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। অন্য একটি প্যানেলকে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত দেয়নি। আর সিনিয়র শিল্পীদের নিয়ে অসম্মান করে কথা বলছে। সমিতির মেয়াদ শেষ হওয়ার পর নতুন সদস্যপদ দিয়েছে, আবার আগের শিল্পীদের বাদ দিয়েছে। একজন শিল্পী অসুস্থ হলে তাঁকে পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে। আবার ছবি তুলে ফেসবুকে ছবি দেওয়া হচ্ছে। এটা শিল্পীকে সহযোগিতা নয়, অসম্মান করা হচ্ছে। আমি পরিবারের বড় সন্তান, যে কারণে পরিবারটি আমাকে চালাতে হয়। যেহেতু আমি অবৈধ কোনো কাজ করি না, তাই আমাকে কাজ করতে হয়। এফডিসির নোংরা রাজনীতির সঙ্গে নিজেকে জড়াতে চাই না।’ সুত্র: এনটিভিবিডিডটকম

