শেষ পর্যন্ত পাখি হয়ে খাঁচা ভেঙে উড়ে গেলো সাজ্জাদ !
শাহরিয়া হৃদয়
লেখাপড়ার পাশাপাশি গান গাওয়া,ইউটিউবে নিজের পেজের জন্য ট্রল বানানো,বন্ধু-বান্ধব নিয়ে হল্লা করে ছুটে বেড়ানো,পাখির মতো এদিক সেদিক উড়াউড়ি করে আনন্দ-উচ্ছ্বাসে ভেসে বেড়ানো ও ছবি তোলার দারুণ নেশা ছিলো তার। নিজস্ব ফেসবুক এ্যাকাউন্টে সর্বশেষ পোস্ট ছিলো “নিজের মন যা চায়,তাই করতে চাই,আমি পাখি হতে চাই।” ২২ বছর বয়সের সুন্দর-সুশ্রী চেহারা এবং গড়নের ফাহিম আরমান সাজ্জাদ নামের ওই শিল্প প্রেমিক দুরন্ত যুবক শেষ স্ট্যাটাসের পাঁচ দিনের মধ্যেই সকলকে কাঁদিয়ে খাঁচা ভেঙে পাখি হয়ে উড়ে গেলো না ফেরার দেশে। রোববার বিকেলে একদল সহপাঠী ও বন্ধুকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ইউটিউবে তার লোকাল পেজের জন্য ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দু’ পা হারায় সাজ্জাদ। তাকে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি জমায় সে।
তার অকাল ও মর্মান্তিক মৃত্যুর খবরে কিশোরগঞ্জ শহর ও গ্রামের বাড়ি জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা বেলতলী গ্রামে শোকের ছায়া নেমে আসে। আজ সোমবার সকালে গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছলে তাকে শেষ বারের মতো একনজর দেখতে ভিড় করে বন্ধু-স্বজনসহ শোকার্ত হাজারো এলাকাবাসী। আজ সোমবার বাদ যোহর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে প্রয়াত পিতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন ছবি পাগল প্রতিভাবান যুবক সাজ্জাদ।প্রত্যদর্শী, পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পাকুন্দিয়ার চরকাওনা বেলতলী গ্রামের মৃত আমিনুল হক তপনের ছেলে ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র ছাত্র ফাহিম আরমান সাজ্জাদ।
তার মা পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ শহরের হয়বতনগর এলাকায় বসবাস করছেন। সাজ্জাদ গ্রামের বাড়ি থেকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে কিশোরগঞ্জ শহরে এসে মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়। এ কারণে কিশোরগঞ্জ শহরে বন্ধুদের সার্কেল গড়ে উঠে। রোববার সহপাঠি ও বন্ধুদের সঙ্গে নিয়ে সে ব্যাক্তিগত ইউটিউব পেজের জন্য রেললাইনে দাঁড়িয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জ স্টেশনে প্রবেশের সময় আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভিডিও চিত্র ধারণ করছিলো। এসময় ভিডিও চিত্র ধারণে সে এতই মনোযোগী হয়ে উঠে যে,এসময় সে হিতাহিত জ্ঞান শুন্য হয়ে পড়ে ।

আশপাশের লোকজন ডাকচিৎকার শুনে স্থান ত্যাগের আগেই ট্রেনের নিচে পৃষ্ঠ হয়ে দু’পা কাটা পড়ে তার। রোববার বিকেল তিনটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, ইউটিউবে “অঙ্ক ফিল্ম” “রাজ ফিল্ম”ও “টাইগার মিডিয়া” নামে তিনটি ব্যাক্তিগত পেজ রয়েছে অসম্ভব মেধাবী ও শিল্প প্রেমিক ফাহিম আরমান সাজ্জাদের । এসব পেজে তার নিজের গাওয়া গান,প্রাকৃতিক-নৈসর্গিক দৃশ্য,স্থানীয় উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকান্ড ও ঐতিহাসিক স্থান নিয়ে অসাধারণ ট্রল এবং ভিডিও চিত্র রয়েছে। আর তার ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ্যাকাউন্টে ১৬ অক্টোবর সর্বশেষ স্ট্যাটাস ছিলো “নিজের মন যা চায়,তাই করতে চাই,আমি পাখি হতে চাই।”

