পাকুন্দিয়ায় শিক্ষার পরিবেশ উন্নয়নে সমাবেশ ও বৃক্ষরোপণ
নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭১ নম্বর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, নবগঠিত পরিচালনা কমিটিকে বরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হকসহ কমিটির অন্যান্য সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকরা।
এ সময় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং সন্তানদের পড়াশোনার প্রতি অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী উপহার তুলে দেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাহাত আলমের উপস্থিতিতে অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা বৃক্ষরোপণ করেন।

