আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও পথসভা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা করেছে উপজেলা বিএনপি।
রোববার (৮ নভেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি নওগাঁ-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহসভাপতি কামরুল হাসান মধু, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানাসহ অন্য নেতারা।
পথসভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

