মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা, গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ জেলা কমান্ড’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার ১৩টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন করতে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। অথচ তাঁর শেষ বিদায়ের সময় জানাজা, গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। স্বাধীন বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধার শেষ বিদায়ে এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব মো. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা বসির উদ্দিন ফারুকী, গিয়াস উদ্দিন, করিমগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল মান্নান দুলাল শিকদার, হোসেনপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রফিকুল ইসলাম, পাকুন্দিয়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব দেলোয়ার হোসেন মজলু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব নূরুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদউল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সারওয়ার আলম মাসুদ, সহসভাপতি শরিফ মিয়া ও উপদেষ্টা জামিল আনসারীসহ অন্যরা।
মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

