নিকলীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত, বাল্যবিয়ে বন্ধের আহ্বান

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা সালেহা খাতুন, উপজেলা ইন্সট্রাক্টর নাহিদা আলম, নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিন, নিকলী মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. খায়রুল আলম, সিআরও রফিকুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মো. সায়ফুল আলম। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের কন্যাশিশুদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে ইউএনও শামীম আরা বলেন, মেয়েদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ছোটবেলা থেকেই তাদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করতে হবে এবং সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। কন্যাশিশুদের নিজেদের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী এগিয়ে গিয়ে নিজেদের অবস্থান তৈরি করতে হবে। একই সঙ্গে বাবা-মায়ের ত্যাগ ও কষ্টের মূল্যায়ন করতে হবে।

তিনি অভিভাবকদের সন্তানদের সঙ্গে খোলামেলা কথা বলার আহ্বান জানান। পাশাপাশি ১৮ বছর বয়সের আগে কোনো মেয়েকে বিয়ে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

ইউএনও বলেন, অল্প বয়সে বিয়ে হলে একটি মেয়ের পক্ষে সংসারসহ জীবনের নানা দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ে। এতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। তাই কন্যাশিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, কন্যাশিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ