পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

নিউজ ডেস্ক:

পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের সুবাদে ফাইনালে চলে গেছে জুনিয়র টাইগ্রেসরা।

পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সর্বোচ্চ ৪৪ রান করেছেন সাদিয়া ইসলাম। মাত্র ২৮ বলে ৪৪ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন তিনি। বাকিদের মধ্যে ৪০ বলে ৩২ রান করেছেন শিরিনা খাতুন। শেষ দিকে ৭ বলে ১৪ রানের ক্যামিও খেলে টিকে ছিলেন সাদিয়া আক্তার। নিশিতা আক্তার নিশি করেছেন ২০ বলে ২০ রান।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় পাকিস্তান। ওপেনার রাভাইল ফারহান বাদে কেউ সুবিধা করতে পারছিলেন না। ২৬ বলে ৩৬ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন রাভাইল। তবে বাকিরা টিকতে পারেননি। ৩২ বলে ২৩ রান করেন আকসা। এছাড়া ১৬ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন রোজিনা। শুরু থেকে ধুঁকতে থাকা পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেন ফারজানা ইয়াসমিম মেধা। এছাড়া ২ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ১টি করে উইকেট শিকার করেছেন আফরিন মিম, অপর্ণা দাস তিথি এবং জান্নাতুল ফেরদৌসি।

এই জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ দল। নিশ্চিত করে ফেলেছে ফাইনালও। শ্রীলংকার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে টাইগ্রেসরা, বাদ স্বাগতিক পাকিস্তান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ