পৃথিবীতে আছে মাত্র ১০টি, সবচেয়ে দামি সেই গাড়ির একটির মালিক রোনালদো

নিউজ ডেস্ক:

ক্রিশ্চিয়ানো রোনালদোর গ্যারেজে গাড়ির অভাব নেই। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও এক্সক্লুসিভ গাড়িগুলোর বেশ কয়েকটি রয়েছে পর্তুগিজ এই ফুটবল তারকার সংগ্রহশালায। নকশা, গতি কিংবা দামের বিচারে তার সংগ্রহের প্রতিটি গাড়িই আলাদা আকর্ষণের।

তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে একটি গাড়ি। সেটির দাম রোনালদোর অন্য গাড়িগুলোর তুলনায় এতটাই বেশি যে, সেটিকে তার সংগ্রহের সম্পূর্ণ ভিন্ন এক শ্রেণির গাড়ি বললেও কম বলা হবে।

রোনালদোর সবচেয়ে দামি গাড়ি হলো বুগাটি সেন্টোডিয়েচি। গাড়িটি তৈরি করা হয়েছে বুগাটির ১১০ বছর পূর্তি উদ্‌যাপন এবং ১৯৯০-এর দশকের কিংবদন্তি সুপারকার ইবিওয়ানওয়ানজিরো (EB110)-এর প্রতি শ্রদ্ধা জানাতে। সীমিত সংখ্যায় তৈরি এই গাড়ির মাত্র ১০টি ইউনিট উৎপাদন করেছে বুগাটি।

অর্থ্যাৎ পৃথিবীতে এই মডেলের গাড়ি রয়েছে মাত্র ১০টি। যার একটি রয়েছে রোনালদোর সংগ্রহে। তার এই গাড়িটিকে বিভিন্ন প্রতিবেদনে চ্যাসিস নম্বর ৭ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সেন্টোডিয়েচির দাম শুরু থেকেই ছিল চোখ কপালে তোলার মতো। গাড়িটির মূল মূল্য ধরা হয়েছিল প্রায় ৮.৫ থেকে ১০ মিলিয়ন ডলার। পরবর্তী সময়ে বিভিন্ন মূল্যায়ন ও হিসাব অনুযায়ী এর মূল্য প্রায় ১১.৫ মিলিয়ন ডলার (প্রায় ১৪২ কোটি টাকা) পর্যন্ত উঠে গেছে।

তবে শুধু দামই সেন্টোডিয়েচিকে এতটা বিশেষ করে তোলেনি। গাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ এর বিরলতা। মাত্র ১০টি ইউনিট তৈরি হওয়ায় গাড়িটি উৎপাদনের আগেই সংগ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে বুগাটির ইতিহাসে নির্দিষ্ট একটি অবস্থান এবং এই বিশেষ সংস্করণের জন্য তৈরি করা আলাদা নকশা।

অর্থাৎ, রোনালদোর অন্যান্য দামি গাড়ির মতো সেন্টোডিয়েচির আকর্ষণ শুধু ইঞ্জিনের শক্তি বা গতি নয়। এর সীমিত উৎপাদন, ঐতিহাসিক গুরুত্ব ও বিশেষ নকশা- সব মিলিয়ে গাড়িটিকে একটি সংগ্রাহকের বিশেষ সম্পদে পরিণত করেছে।

রোনালদোর গ্যারেজে ফেরারিও আছে

তবে বুগাটি সেন্টোডিয়েচির আগে থেকেই রোনালদোর গাড়ির সংগ্রহ ছিল বেশ ঈর্ষণীয়। তার গ্যারেজে রয়েছে ফেরারি মনজা এসপি১। ১৯৫০-এর দশকের রেসিং কার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই স্পোর্টস কারে প্রচলিত ছাদ নেই, নেই সাধারণ উইন্ডশিল্ডও।

ফেরারি মনজা এসপি১-এর দাম প্রায় ১.৮ মিলিয়ন ডলার। এই দামই বোঝায়, রোনালদোর গাড়ির সংগ্রহ কতটা ব্যয়বহুল। তবে সেন্টোডিয়েচির দামের সঙ্গে তুলনা করলে ফেরারির সেই মূল্যও অনেকটাই ছোট হয়ে যায়।

রোনালদোর সংগ্রহে রয়েছে ম্যাকলারেন সেনাও। কিংবদন্তি ব্রাজিলিয়ান রেসিং ড্রাইভার আয়ার্তন সেনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা এই গাড়িটির মাত্র ৫০০টি ইউনিট বিশ্বজুড়ে উৎপাদন করা হয়েছে।

পারফরম্যান্সকে কেন্দ্র করেই তৈরি ম্যাকলারেন সেনা। মাত্র ২.৮ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে উঠতে পারে গাড়িটি। এর দাম প্রায় ১ মিলিয়ন ডলার।

ফেরারি মনজা এসপি১ কিংবা ম্যাকলারেন সেনার মতো গাড়ি যে কোনো গাড়িপ্রেমীর সংগ্রহের মূল আকর্ষণ হয়ে উঠতে পারে। কিন্তু রোনালদোর ক্ষেত্রে এগুলো যেন তার বিশাল গাড়ির সংগ্রহের শুরু মাত্র। কারণ তার গ্যারেজেই রয়েছে এমন একটি গাড়ি, যার দাম কয়েক গুণ বেশি।

১,৬০০ হর্সপাওয়ারের দানব

বুগাটি সেন্টোডিয়েচির বিরলতার সঙ্গে পাল্লা দেয় এর অসাধারণ পারফরম্যান্সও। গাড়িটির ভেতরে রয়েছে ৮.০ লিটারের ডব্লিউসিক্সটিন (W16) ইঞ্জিন, যাতে ব্যবহার করা হয়েছে চারটি টার্বোচার্জার। এই ইঞ্জিন থেকে পাওয়া যায় ১,৬০০ হর্সপাওয়ার।

গতি তোলার ক্ষেত্রেও পিছিয়ে নেই সেন্টোডিয়েচি। মাত্র ২.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে গাড়িটি। এর সর্বোচ্চ গতি ৩৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা, যা ইলেকট্রনিকভাবে সীমাবদ্ধ করা হয়েছে।

ফলে সেন্টোডিয়েচির বিশেষত্ব শুধু যে মাত্র ১০টি গাড়ি তৈরি হয়েছে, তা নয়। বুগাটি গাড়িটির পারফরম্যান্সকেও এমন পর্যায়ে নিয়ে গেছে, যা ব্র্যান্ডটির লাইনআপে এই মডেলের বিশেষ অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

রোনালদোর গাড়ির সংগ্রহে তাই একদিকে যেমন রয়েছে ফেরারি ও ম্যাকলারেনের মতো নামী ব্র্যান্ডের দুর্লভ মডেল, অন্যদিকে রয়েছে পৃথিবীতে তৈরি হওয়া মাত্র ১০টি বুগাটি সেন্টোডিয়েচির মতো সংগ্রাহকদের জন্য বিশেষ একটি গাড়ি। আর প্রায় ১১.৫ মিলিয়ন ডলার পর্যন্ত মূল্যায়ন করা এই বুগাটিই রোনালদোর সবচেয়ে দামি গাড়ি, যা তার বিশাল গাড়ির সংগ্রহকে দিয়েছে আরও আলাদা মাত্রা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ