করিমগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। বিশেষ করে বাড়িঘর ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসাধারণকে সতর্ক করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক উম্মে মুসলিমা। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মো. আবু আহসান ভূইয়া, পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল, যুবদলের সদস্য সচিব শিহাব উদ্দিন হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

অভিযানকালে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নিয়মিত নজর রাখতে হবে।

তারা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

করিমগঞ্জ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। পৌর এলাকার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ