চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রেনের ক্যান্টিনবয় আব্দুল কুদ্দুস (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী নারী ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানালে ট্রেনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা অভিযুক্তকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে সিরাজগঞ্জ সদর উপজেলার চক কোববাদ দাসপাড়া এলাকার সোহরাব হোসেনের মেয়ে সিমা বেগম (৪৪) যাত্রী হিসেবে ওঠেন। এ সময় ট্রেনের ক্যান্টিনবয় আব্দুল কুদ্দুস তাকে ক্যান্টিনের সিটে বসার ব্যবস্থা করে দেন।
একপর্যায়ে ট্রেনটি নাটোর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ক্যান্টিনবয় কুদ্দুস ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
পরে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ভুক্তভোগী ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি জানান। এরপর সান্তাহার রেলওয়ে থানা পুলিশের নির্দেশে ট্রেনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা অভিযুক্ত আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আব্দুল কুদ্দুস নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার মৃত মাসুদ রানার ছেলে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ধর্ষণের সময় ট্রেনে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ভুক্তভোগীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তবে পুলিশের সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‘পুলিশের জড়িত থাকার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় মঙ্গলবার সকালে পাকশী রেলওয়ে জেলার এসপি সার্কেল আলম হোসেন সান্তাহার রেলওয়ে থানা পরিদর্শন করেছেন।

