ধামইরহাটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।
পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা পরিষদ আধুনিক ডাকবাংলো অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কেএম লায়েক আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী মাজেদা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

