অষ্টগ্রাম-চাতলপাড় সড়কে ভয়াবহ ভাঙন, ঝুঁকি নিয়ে পারাপার

 অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) উপজেলা প্রতিনিধি:

বর্ষার শুরুতেই মেঘনার ভাঙনে কিশোরগঞ্জের অষ্টগ্রাম-চাতলপাড় সড়কের নোয়াগাঁও এলাকায় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। এতে সড়কটির একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প সড়ক না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, সড়কের ভেঙে যাওয়া অংশে তৈরি হয়েছে খাড়া ও পিচ্ছিল ঢাল। বাধ্য হয়ে পথচারীদের সেই ঢাল বেয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি। জরুরি রোগী ও প্রসূতি মায়েদের হাসপাতালে নিতে গিয়ে স্বজনদেরও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সামান্য অসাবধানতায় পা পিছলে পড়ে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

নোয়াগাঁও, লাউড়া, নাজিরপুর, বাঘাইয়াসহ আশপাশের এলাকার হাজারো মানুষ এই সড়কের ওপর নির্ভরশীল। প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করত সড়কটি দিয়ে। ইউনিয়ন পরিষদ, হাট-বাজার, উপজেলা সদর, হাসপাতাল, স্কুল-কলেজ ও অফিস-আদালতে যাতায়াতেও এটি গুরুত্বপূর্ণ সড়ক।

স্থানীয়দের দাবি, বর্ষাকালে আঞ্চলিক সাবমার্সিবল সড়কগুলো পানিতে ডুবে গেলে চাতলপাড় হয়ে নাসিরনগর দিয়ে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের অন্যতম পথ এটি। ফলে সড়কটি ভেঙে যাওয়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক নারী শিক্ষক জানান, প্রতিদিন জুতা হাতে নিয়ে খাড়া ঢাল পার হয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। একটু অসাবধান হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আমিরুল ইসলাম বলেন, “গ্রামের একমাত্র প্রধান সড়কটি ভেঙে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। শতাধিক অটোরিকশাচালক এই সড়ক দিয়ে চলাচল করে জীবিকা নির্বাহ করতেন। সড়কটি নষ্ট হওয়ায় তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। দ্রুত সড়ক মেরামতের পাশাপাশি নদীভাঙন রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

এলাকাবাসীর দাবি, স্থায়ীভাবে সড়ক মেরামতের আগ পর্যন্ত ভাঙা অংশের পশ্চিম পাশ দিয়ে একটি অস্থায়ী পার্শ্ব রাস্তা বা বিকল্প পথ তৈরি করা হলে তাদের দুর্ভোগ অনেকটাই কমবে।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক জানান, বিআইডব্লিউটিএর ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের কাজ চলছে। দ্রুতই সড়কের কাজ সম্পন্ন করা হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ