এসএসসির ফলে কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ পাওয়া ৬ জনই মেয়ে

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অনন্য সাফল্য এসেছে। বিদ্যালয়টি থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে একজন। এ ছয় শিক্ষার্থীর সবাই মেয়ে।

গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় থেকে ১৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯২ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭০ দশমিক ৭৭ শতাংশ।

গোল্ডেন জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থী হলেন—নূরে জান্নাত ইভা, নুসরাত আলম জামিয়া, মোছা. সানজিদা ইসলাম, মোছা. তাসমিয়া বাশার ও মোছা. জান্নাত আক্তার। আর জিপিএ-৫ পেয়েছে মোছা. নাবিলা আক্তার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন (খোকন) বলেন, ‘এ অর্জন কেবল বিদ্যালয় কর্তৃপক্ষের একার নয়। এটি শিক্ষক-কর্মচারী, পরিচালনা পর্ষদ, অভিভাবক এবং সর্বোপরি শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, ‘মেয়েদের পাশাপাশি বেশ কয়েকজন ছেলে শিক্ষার্থীরও গোল্ডেন জিপিএ-৫ কিংবা জিপিএ-৫ পাওয়ার কথা ছিল। কিন্তু তাদের ফলাফল কেন এমন হলো, তা ঠিক বুঝতে পারছি না। অভিভাবকরা দায়িত্ব নিয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করলে হয়তো ভালো কিছু আশা করা যাবে। আগামীতে ছেলে-মেয়ে সমানভাবে এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।

স্থানীয় শিক্ষানুরাগীরা বলছেন, গ্রামীণ জনপদে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও তাদের এগিয়ে নিতে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের ফলাফল নারী শিক্ষার অগ্রযাত্রায় ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, এ বছর কুলিয়ারচর উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১ হাজার ৭৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১১৫ জন। গোল্ডেন জিপিএ-৫সহ জিপিএ-৫ পেয়েছে মোট ৫২ জন শিক্ষার্থী।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ