কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা:

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক), কিশোরগঞ্জ ও কুলিয়ারচর উপজেলা প্রশাসন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলিয়ারচর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন খন্দকার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আলম রাশিদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন, কিশোরগঞ্জের সহকারী উপপরিচালক ইসতেহাক আহম্মেদ। এ ছাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানাসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির বিভিন্ন কারণ, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি ও রাষ্ট্রের করণীয় তুলে ধরেন। যুক্তিনির্ভর বক্তব্য ও সাবলীল উপস্থাপনায় তারা দুর্নীতির ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তরুণদের ভূমিকার কথা বলেন।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি রাষ্ট্রীয় উন্নয়নের পথে বাধা সৃষ্টি করার পাশাপাশি সমাজের নৈতিক ভিত্তিকেও দুর্বল করে। দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত হবে। তাদের মধ্যে সততা, স্বচ্ছতা, দেশপ্রেম ও দায়িত্ববোধের চর্চা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. রফিকুল বাহার।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ