আদমদীঘিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্ণালংকারসহ মালামাল লুট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন কুন্ডুপাড়ায় একটি ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির মালিক পরিবারসহ বেড়াতে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, কাঁসা-পিতলের বাসনপত্র ও মূল্যবান কাপড়চোপড়সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। বুধবার (৫ আগস্ট) সকালে প্রতিবেশীরা বাড়ির দরজার তালা ভাঙা ও ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে আদমদীঘি থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয়রা জানান, বাড়ির মালিক কুমারেশ কুন্ডু (খোকন কুন্ডু) গত শুক্রবার বাড়িতে তালা দিয়ে মেয়ের বাড়ি ফরিদপুরের পাংশায় বেড়াতে যান। এ সুযোগে চোরেরা রাতে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ও বাক্স ভেঙে মালামাল নিয়ে যায়। এ সময় ঘরের বিছানাপত্রও তছনছ করে রেখে যায়।

মোবাইল ফোনে কুমারেশ কুন্ডু জানান, প্রতিবেশীদের কাছ থেকে চুরির খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। তার দাবি, চোরেরা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল ও আংটি, ১২টি কাঁসার বড় থালা, ৪টি বড় কাঁসার গ্লাস, ২৫টি কাঁসার বাটি, পূজার বিভিন্ন কাঁসা ও পিতলের বাসনপত্র, ঠাকুরঘরে রাখা নগদ ১০ হাজার টাকা এবং মূল্যবান কাপড়চোপড় নিয়ে গেছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাড়ির মালিক জানান, তিনি বাড়ি ফিরে আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

এ বিষয়ে আদমদীঘি থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ