হোসেনপুর ভারী বর্ষণে সড়কে ভাঙন, বৃষ্টির মধ্যেই পরিদর্শনে ইউএনও
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে টানা কয়েক দিনের ভারী বর্ষণে পৌর এলাকার কয়েকটি সড়কে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
এর মধ্যে পৌর এলাকার দ্বিপেশ্বরের পাঠানবাড়ি সংলগ্ন সড়কে পানি জমে রাস্তার একাংশ বেহাল হয়ে পড়ে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হওয়ার পর তা নজরে আসে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভার।
পরে তিনি বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেন।
ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “ফেসবুকে বিষয়টি আমার নজরে আসে। এরপর পৌর এলাকার দ্বিপেশ্বরের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়কটি সরেজমিনে পরিদর্শন করি। বর্ষণের কারণে ভাঙা অংশগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ কমানো যায়।”
স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নেওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন।

