যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধন
কিশোরগঞ্জ প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
কিশোরগঞ্জ থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, পুলিশ সুপারের প্রতিনিধি নাজমুস সাকিব খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও দর্শনের বহুমাত্রিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা নজরুলের গণতান্ত্রিক চেতনা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবমুক্তির দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কিশোরগঞ্জের সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে জেলা প্রশাসনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সংস্কৃতিচর্চা, সৃজনশীল কর্মকাণ্ড এবং মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানানো হয়।

