জলবায়ু পরিবর্তন মোকাবিলায় হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

“সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক আগামী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি ও জাতীয় পর্যায়ের বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আছমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE) প্রকল্পের আওতায় দেশের ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে হোসেনপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ করা হয়।

এদিন হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি চর হাজিপুর উচ্চ বিদ্যালয় ও পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়েও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, হোসেনপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.বি.এম. সিদ্দিক চঞ্চল এবং জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফখরুল আলম খান। এছাড়া রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান খুঁজে বের করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, উদ্ভাবনী সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং তরুণ উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে।”

তিনি শিক্ষার্থীদের বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ