কটিয়াদীতে প্রবাসী শফিকুলকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি

সৈয়দ রানা, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদন:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ঝিরারপাড় এলাকায় শফিকুল ইসলাম কালা মিয়া (৩২) নামে এক প্রবাসীকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঝিরারপাড় ঈদগাহ মাঠের পাশে, নিজ বাড়ির অদূরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার রিয়াজুদ্দিন মেস্তরির বাড়ির দুলা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি অটোরিকশা ওই সড়ক দিয়ে যাওয়ার সময় চালক রাস্তার পাশ থেকে গোঙানির শব্দ শুনে থামেন। পরে সেখানে গিয়ে শফিকুলকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শফিকুলকে উদ্ধার করে দ্রুত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা হন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে, স্থানীয়রা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ